নিজস্ব অ্যাপে আসছে বিমানের টিকেট

৯ সেপ্টেম্বর, ২০২১ ২০:০৭  
নিজেদের অ্যাপেই টিকেটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এজন্য মোবাইল অ্যাপসহ অনলাইন প্ল্যাটফর্মে টিকিটিং সলিউশনের কাজ পেয়েছে ‘সেবার করপোরেশন’। সফটওয়্যার ও প্রযুক্তি সরবরাহকারী এই প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে বিমান। চুক্তি অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের চাহিদা বিবেচনা করে বিমানের ফ্লাইট প্ল্যান তৈরিসহ বাণিজ্যিক কার্যক্রমও উন্নত করা হবে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেবার করপোরেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় সেবার সনিক ‘প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম’-পিএসএস’র মাধ্যমে বিমানের টিকিটিং ব্যবস্থা ডিজিটাল রূপান্তর, রাজস্ব বৃদ্ধি এবং যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে কাজ করা হবে। সেবার কমার্শিয়াল প্ল্যাটফর্ম বিমানের রাজস্ব আয় বৃদ্ধিতেও সহায়তা করবে।